: ডেস্ক রিপোর্ট: ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা রাজনৈতিক বৈষম্য বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কোনো রাজনীতি নেই। অনিয়মের অভিযোগ পেলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পূর্বঢোমরা এলাকার জলকদর খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন।
ত্রাণমন্ত্রী জানান, সাম্প্রতিক অতিবৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলার পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত মানুষের জন্য দ্রুত পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সংরক্ষণ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের ৫০টি জেলায় একটি করে মডেল খাল গড়ে তোলা হবে।
