ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার কথিত নতুন রুটিনকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
মঙ্গলবার (২১ জুলাই) এক গণবিজ্ঞপ্তিতে কমিটি জানায়, সম্প্রতি তাদের নামে একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি আন্তঃশিক্ষা বোর্ড বা চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া ওই বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।
এ অবস্থায় পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আন্তঃশিক্ষা বোর্ড আরও জানায়, পরীক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
