ডেস্ক রিপোর্ট: দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, এক দিনে ঢাকা বিভাগে ৩ জন, খুলনায় ২ জন এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ১০৪ জনের হাম শনাক্ত এবং ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
