ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের সমতল অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে প্রতিনিধিরা ভূমি অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন গঠন, কেন্দ্রীয় সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণসুবিধা এবং উচ্ছেদ বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে কোনো জাতি-গোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, বিগত সময়ে অর্থ পাচার ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার না হলে জনগণের অনেক সমস্যার সমাধান করা সম্ভব হতো। বর্তমান সরকার ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে কাজ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং দেশের সার্বিক উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
