ডেস্ক রিপোর্ট: মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজে হামলার ঘটনার পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটন সময় শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ হামলা শুরু হয়। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যদের হামলার পর এই অভিযান চালানো হয়।
সেন্টকম জানায়, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথে বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এ পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এর মূল্য দিতে হবে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বিপ্লবী গার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন নৌপথ ব্যবহার করায় একটি জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর কথাও জানানো হয়েছে।
সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের অবস্থান এখনও বিপরীতমুখী।
