ডেস্ক রিপোর্ট: অতিরিক্ত সময়ে করা দুই গোলে ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে ড্যান এনডোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।
পাঁচ মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। ১০ জনের দলে পরিণত হলেও নির্ধারিত সময়ে সমতা ধরে রাখে সুইজারল্যান্ড।
অতিরিক্ত সময়েও সুইজারল্যান্ডের রক্ষণভাগ শক্ত প্রতিরোধ গড়ে তোলে। তবে ১১২তম মিনিটে জুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ মুহূর্তে লতারো মার্টিনেজ আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ে বিশ্বকাপে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে আর্জেন্টিনা। ১৯৬২ সালের পর টানা দুইবার বিশ্বকাপ জেতা ব্রাজিলের রেকর্ড স্পর্শের সুযোগও তৈরি হয়েছে তাদের সামনে।
গ্রুপ পর্বে দাপট দেখালেও নকআউটে টানা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালেও সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত লড়তে হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের।এদিকে, কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
