ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে। এ উপলক্ষে দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থেকে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন। এ সময় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, বৃত্তির ক্যাটাগরি এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্য জানানো হবে। সংবাদ সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ২০ শতাংশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন)-এর শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তরা ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ক্যাটাগরিতে আর্থিক সুবিধা পাবে।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী ছিল।
পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।
