ডেস্ক রিপোর্ট: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।
দাফনের আগে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে কয়েক দিন ধরে চলা শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নেন। ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা শেষে তার মরদেহ ইরানে ফিরিয়ে নেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত শোকযাত্রায় নজিরবিহীন জনসমাগম ঘটে। ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আল-শাবির প্রাথমিক হিসাব অনুযায়ী, শুধু কারবালাতেই ৪০ লাখের বেশি মানুষ শেষ শ্রদ্ধা জানাতে অংশ নেন। এর আগে নাজাফের শোকযাত্রায়ও প্রায় ৩৮ লাখ মানুষের উপস্থিতির দাবি করা হয়।
শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে খামেনির মরদেহ ইমাম আলী (আ.)-এর মাজার, ইমাম হুসাইন (আ.)-এর মাজার এবং হজরত আব্বাস (আ.)-এর মাজারে নেওয়া হয়। বিপুল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ইরাক সরকার ওই দিন সরকারি ছুটি ঘোষণা করেছিল।
ইরাকি কর্মকর্তারা এই বিশাল জনসমাগমকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য ও প্রতিবাদের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। ইরাকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ ইরানে ফিরিয়ে নেওয়া হয়েছে। আজ মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
