ডেস্ক রিপোর্ট: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) যুক্তরাষ্ট্রে পরিচালিত আর্থিক কার্যক্রম নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর ও এফবিআই-সংশ্লিষ্ট কর্মকর্তারা এএফএর অর্থপ্রবাহ, ব্যাংকিং লেনদেন এবং সংশ্লিষ্ট আর্থিক নথি পর্যালোচনা করছেন।
প্রতিবেদন অনুযায়ী, তদন্তে ট্যুরপ্রডএন্টার এলএলসি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত শত শত মিলিয়ন ডলারের লেনদেন বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা যাচাই করছেন, এসব লেনদেন যুক্তরাষ্ট্রের আর্থিক আইন লঙ্ঘন করেছে কি না অথবা মানি লন্ডারিং কিংবা জালিয়াতির কোনো ঝুঁকি তৈরি হয়েছে কি না।
এএফএর উত্তর আমেরিকা প্রতিনিধি জানিয়েছেন, অনুসন্ধান শুরু হওয়া মানেই কোনো অপরাধ প্রমাণিত হওয়া নয়। বর্তমানে মার্কিন কর্তৃপক্ষ বিভিন্ন নথি, ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করছে। এখনো বিষয়টি আনুষ্ঠানিক ফৌজদারি তদন্তে রূপ নেবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
