ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের বিষয়ে তুরস্কের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
সোমবার (২২ জুন) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. ফাতমা মেরিচ ইলমাজ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মানবিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফরের প্রসঙ্গ তুলে ধরে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি উল্লেখ করেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এই পরিস্থিতিকে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং স্থায়ীভাবে নিজ দেশে প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ লক্ষ্যে তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. ফাতমা মেরিচ ইলমাজ রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের অসাধারণ উদারতার প্রশংসা করেন। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা, প্রাথমিক ও জরুরি চিকিৎসা, স্যানিটেশন এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তুর্কি রেড ক্রিসেন্ট।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য তুরস্কের উল্লেখযোগ্য মানবিক সহায়তার প্রশংসা করেন এবং সফররত তুর্কি রেড ক্রিসেন্ট প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে মানবিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন জোরদারের বিষয়েও আলোচনা হয়।
