ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদি সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশ ও ইরানের সংসদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সংসদীয় টিম গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হলে উভয় দেশই উপকৃত হবে।
বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে স্পিকারের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশিদের ইরানে উন্নতমানের চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব হবে। তিনি সাশ্রয়ী মূল্যে ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার এবং খাদ্যপণ্য বাংলাদেশে রপ্তানির প্রস্তাব দেন। পাশাপাশি বিশ্বমানের তৈরি পোশাক বাংলাদেশ থেকে আমদানিতে তেহরানের আগ্রহের কথাও জানান।
বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের ভূমিকার প্রশংসা করা হয়। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হওয়ায় রাষ্ট্রদূত স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার এবং শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নবায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের সংসদীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে স্পিকারের সহযোগিতা কামনা করেন।
