ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্যে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহরের নিকটবর্তী এলাকায়, ভূপৃষ্ঠের গভীরে।
ভূমিকম্পের কেন্দ্র ভুটানে হলেও এর কম্পন দক্ষিণ এশিয়ার অন্তত পাঁচটি দেশে অনুভূত হয়েছে। দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও চীন।
ঢাকার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়। এতে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত বাসা ও অফিস থেকে নিচে নেমে খোলা স্থানে অবস্থান নেন।
তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্প অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেন। বিশেষজ্ঞরা ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
