বাংলাদেশে মূল্যস্ফীতি আবারও বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ।
রোববার (৭ জুন) প্রকাশিত বিবিএসের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, মে মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি এপ্রিলের ৮.৩৯ শতাংশ থেকে বেড়ে মে মাসে ৯.০৬ শতাংশে পৌঁছেছে। এক বছর আগে একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮.৫৯ শতাংশ।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি মে মাসে বেড়ে ৯.৭১ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৯.৫৭ শতাংশ। গত বছরের মে মাসে এ হার ছিল ৯.৪২ শতাংশ।
খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যয়ের প্রভাব বাজারে পড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে সীমিত আয়ের ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর বাজার ব্যবস্থাপনা ও নীতিগত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করছেন।
