ডেস্ক রিপোর্ট: ভারতের তরুণদের নিয়ে গড়ে ওঠা অনলাইনভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে তরুণদের শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম ইউএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিনের মধ্যেই কোটি কোটি অনুসারী পাওয়া সিজেপি ভারতের তরুণ সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বেকারত্ব, মূল্যস্ফীতি, প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার ফলাফলে অনিয়মের মতো ইস্যুতে ক্ষুব্ধ তরুণদের সমর্থন পাচ্ছে সংগঠনটি।
যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিজিৎ দিপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে তিনি ভারতে ফিরছেন। তার দাবি, এ দাবির পক্ষে প্রায় আট লাখ শিক্ষার্থী একটি আবেদনে স্বাক্ষর করেছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে সিজেপির দ্রুত উত্থানকে মোদি সরকারের শাসনামলে অন্যতম বড় অনলাইনভিত্তিক ভিন্নমতের আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, সিজেপি পাকিস্তান ও ভারতবিরোধী গোষ্ঠীর সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।
প্রশ্নপত্র ফাঁস, চাকরির সংকট ও তরুণদের বেকারত্বের মতো বিষয়কে সামনে এনে আন্দোলন জোরদার করছে সিজেপি। সরকারি তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ৯ দশমিক ৯ শতাংশ, যা দেশের সামগ্রিক বেকারত্ব হারের তুলনায় প্রায় তিন গুণ বেশি।
