ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাকসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোংলা দিক থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় তারা।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, “দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে আছে।”
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, “আমারা ৯ জনকে মৃত অবস্থায় পাই। এর মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও তিন শিশু রয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
