ডেস্ক রিপোর্ট: সারা দেশে মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও বিভিন্ন জেলায় অনিয়ম, জাল ভোটের চেষ্টা ও সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে।
চুয়াডাঙ্গা, রাজশাহী, ঝালকাঠি, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় আচরণবিধি লঙ্ঘন, প্রভাব বিস্তার ও ভুয়া পোলিং অফিসার শনাক্তের ঘটনা ঘটেছে। কয়েকজনকে আটক ও জেল-জরিমানা দেওয়া হয়েছে।
ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালত এক নারীকে জাল ভোটের দায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। রাজশাহীতে মোবাইলে ছবি ধারণ করায় দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তবে অধিকাংশ এলাকায় নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি।
