ডেক্স রিপোর্ট: ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। গত মাসে প্রবাসী আয় এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা এক মাসে রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক জানায়, এর আগে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চ মাসে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে। সেই হিসেবে ডিসেম্বরের রেমিট্যান্স দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে প্রাপ্ত রেমিট্যান্স আগের মাস নভেম্বরের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার। এছাড়া গত বছরের ডিসেম্বরের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫৯ কোটি ডলার। ২০২৪ সালের ডিসেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৬৪ কোটি ডলার, যা থেকে চলতি বছরের ডিসেম্বরে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২২ শতাংশ।
এর আগে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল গত বছরের মে মাসে, যখন প্রবাসী আয় এসেছিল ২৯৭ কোটি ডলার।
চলতি ২০২৪–২৫ অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহের চিত্র তুলে ধরে বাংলাদেশ ব্যাংক জানায়,
জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার
আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার
সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার
অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার
নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার
ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা অব্যাহত থাকা এবং প্রবাসীদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে।
