ডেক্স রিপোর্ট: একীভূত পাঁচটি ইসলামি ব্যাংকের আমানতকারীরা আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে তাদের জমা অর্থ ফেরত পাচ্ছেন। প্রাথমিক পর্যায়ে মুনাফাসহ সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন গ্রাহকেরা।
তীব্র তারল্য সংকটে পড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে চূড়ান্ত করা হয়েছে ব্যাংক রেজল্যুশন স্কিম–২০২৫, যার আওতায় আমানত ফেরতের ধাপ ও সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত স্কিম অনুযায়ী, যেসব গ্রাহকের আমানত দুই লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। আমানত সুরক্ষা আইনের আওতায় এই অর্থ যেকোনো সময় উত্তোলন করা যাবে।
এ ছাড়া চলতি ও সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার বেশি জমা থাকলে পর্যায়ক্রমে টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা উত্তোলন করা যাবে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যানসারে আক্রান্ত আমানতকারীদের জন্য মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংক রেজল্যুশন স্কিম–২০২৫ এর বিস্তারিত প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর লোগোও উন্মোচন করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিনের অনিয়ম, উচ্চমাত্রার খেলাপি ঋণ ও তীব্র তারল্য সংকটের কারণে সংশ্লিষ্ট পাঁচটি ইসলামি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়ে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংকগুলো বিলুপ্ত করে একীভূত করে গঠন করা হয় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
