ডেস্ক রিপোর্ট: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। আজ সকাল ১০টায় সারাদেশে ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এ পরীক্ষা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
এর আগে, গত ৯ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে দেয়া এক নির্দেশনায় বলে, পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বণ্টন- জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান-প্রবণতা-মানবিক গুণাবলি ১৫। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কর্তন করা হবে। উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর ৪০।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ৫ হাজার ৬৪৫ আসন রয়েছে। এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি আসন। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন ৭ হাজার ৪০৬টি। এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস ১ হাজার ৪০৫টি আসন। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি সহ মোট ১৩ হাজার ৫১ আসন।
এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন এবং মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন ছেলে।
