ডেস্ক রিপোর্ট: মানসিক স্বাস্থ্যও শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। মানসিক অবসাদে ভুগছেন? চেষ্টা করুন কিছু সহজ কৌশল, যা আপনার মন ভালো রাখতে সাহায্য করতে পারে।

প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখুন
নিজেকে গুটিয়ে ফেলবেন না। বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বললে মন হালকা লাগে, মনে হয় কেউ আছে পাশে। তাই চেষ্টা করুন নিয়মিত তাদের সঙ্গে সময় কাটাতে বা ফোনে কথা বলতে।
শরীরচর্চায় মন দিন
নিয়মিত ব্যায়াম শুধু শরীর নয়, মনকেও সতেজ রাখে—এমন প্রমাণ রয়েছে। প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটার অভ্যাস করুন। এতে ধীরে ধীরে ক্লান্তি কমবে, মনও হালকা লাগবে।
ভয়কে মোকাবিলা করুন
অনেক সময় দুশ্চিন্তা বা মন খারাপের কারণে আমরা যেসব কাজ কঠিন মনে করি, সেগুলো এড়িয়ে যাই। যেমন—মানুষের সঙ্গে মেশা, বাইরে যাওয়া বা একা কোথাও যাত্রা করা। কিন্তু এড়িয়ে না গিয়ে ধীরে ধীরে সেই ভয়গুলোর মুখোমুখি হলে আত্মবিশ্বাস ফিরে আসে।
পুষ্টিকর খাবার খান
হতাশায় অনেকের খাওয়ার রুচি হারিয়ে যায়, আবার কেউ কেউ অতিরিক্ত খাওয়া শুরু করেন। এতে ওজন ওঠানামা করতে পারে। সঠিক খাদ্যাভ্যাস মানসিক স্থিতি ফিরিয়ে আনতে সাহায্য করে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
নিয়মিত জীবনযাপন বজায় রাখুন
হতাশার সময় ঘুমের ধারা বদলে যায়—রাত জাগা, দিনভর ঘুমানো ইত্যাদি। এতে শরীর ও মন দুটোই ভারসাম্য হারায়। তাই নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস রাখুন। সময়মতো খাওয়াদাওয়া করুন, নিজের যত্ন নিন।
পেশাদার সহায়তা নিন
দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকলে বা হতাশা থেকে বের হতে না পারলে বিশেষজ্ঞের সহায়তা নিন। বর্তমানে দেশে নানা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া যায়।
প্রয়োজনে কাউন্সেলিং বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT) নিতে পারেন। এসব চিকিৎসা হতাশা কাটিয়ে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে।
আরো পড়ুন : সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসে মিলতে পারে সুস্থ জীবন
