নিজস্ব প্রতিবেদক: ৪৯তম বিশেষ বিসিএস (সাধারণ শিক্ষা) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯ বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের মধ্যে মোট ৬৬৮ জনকে নিয়োগের জন্য পিএসসি মনোনয়ন দিয়েছে। এছাড়া কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পিএসসি।
পিএসসি সূত্রে জানা গেছে, এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। উক্ত প্রার্থীদের মধ্যে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৯ জন। শিক্ষা ক্যাডারের জন্য বিশেষায়িত এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন। তবে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, সে তথ্য জানায়নি পিএসসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী; ৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে এই বিসিএসের মাধ্যমে।
সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
