ডেস্ক রিপোর্ট: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের রাজনৈতিক মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এই তথ্য প্রকাশ করেছে।
দুবাইয়ে আইসিসির বৈঠকে পিসিবি দুটি বিষয় তোলে—এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়া এবং সূর্যকুমার যাদবকে রাজনৈতিক বক্তব্যের জন্য শাস্তি দেওয়া। তবে পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা ও অধিনায়ক আগা সালমানের কাছে দুঃখ প্রকাশ করায় প্রথম দাবি থেকে সরে আসে পিসিবি।
রোববার ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার। খেলা শেষে পাকিস্তানিদের সঙ্গে করমর্দন না করেই ড্রেসিংরুমে ফিরে যান ভারতীয় খেলোয়াড়রা। এ নিয়ে বিতর্কের জেরে পিসিবি অভিযোগ তোলে যে, ম্যাচ রেফারি পাইক্রফটই নিয়ম নিয়ে বিভ্রান্তি তৈরি করেছিলেন।
প্রথমে পাইক্রফটকে দায়িত্ব থেকে সরাতে ই-মেইল পাঠায় পিসিবি এবং শর্ত দেয়—না হলে তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে। তবে পাকিস্তানের পরবর্তী ম্যাচের আগে পাইক্রফট ক্ষমা চাইলে খেলার সিদ্ধান্ত নেয় তারা।
কিন্তু সূর্যকুমার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে যে বক্তব্য দেন, সেটিকে রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখে পিসিবি। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে তিনি জানান, হাত না মেলানোর সিদ্ধান্ত ভারত সরকার ও বিসিসিআই-এর যৌথ অবস্থান ছিল। সেই সঙ্গে তিনি এই জয় উৎসর্গ করেন নিহতদের এবং অপারেশন ‘সিঁদুর’-এ অংশ নেওয়া সেনাদের প্রতি।
গত এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় নাগরিক। এ ঘটনার জন্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেই দায়ী করে ভারত। পরে ভারত সামরিক অভিযান চালায়, যার জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়।
