
ডেস্ক রিপোর্ট: নেপালে তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন দেশটির সরকার প্রধানেরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ও রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলসহ বেশ কয়েকজন মন্ত্রী দেশত্যাগ করেন।
নেপালে সোমবার থেকে চলমান বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ২৫ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন কয়েক শতাধিক মানুষ। বিক্ষোভ সামাল দিতে না পারায় আন্দোলনের দ্বিতীয় দিনেই সরকার পতন নিশ্চিত হয়ে যায় হিমালয়-ঘেরা এ দেশটির।
এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে নেপালে অবস্থান করছে। মঙ্গলবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা থাকলেও চলমান সহিংসতার কারণে তারা হোটেল থেকে বের হয়ে বিমানবন্দরে পৌঁছাতে পারেনি।
রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ হোটেলে অবস্থান করছে কিনা তা যাচাই করার জন্য একদল বিক্ষোভকারী হঠাৎ বাংলাদেশ ফুটবল দল অবস্থানরত হোটেলে প্রবেশ করে। পরে হোটেল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বোঝাতে সক্ষম হলে তারা হোটেল থেকে বেরিয়ে যায়।
জাতীয় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের নিরাপত্তা অব্যাহত রাখতে বাংলাদেশি দূতাবাসসহ নেপালের ফুটবল ফেডারেশন অনবরত সজাগ থেকে কাজ করে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বাফুফে।
