
ডেস্ক রিপোর্ট: নেপালে চলমান আন্দোলনে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর এ ঘটনার জেরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন।
গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলির কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন।
আন্দোলনকারীদের হতাহত ও নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করে রমেশ লেখক বলেন, এত মানুষের প্রাণহানি অকল্পনীয়। নৈতিকতার প্রশ্নে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি।
এদিকে আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে। ভৈরহাওয়া, বুটওয়াল, ইটাহারিসহ কয়েকটি জেলায় আন্দোলন তীব্র হওয়ায় সেখানে কারফিউ জারি করা হয়েছে। এছাড়াও পূর্বাঞ্চলীয় এলাকার দামাকে অবস্থিত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনেও ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা।

দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু হয়। নেপালে চলমান আন্দোলনে ১৯ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও কয়েক শতাধিক বিক্ষোভকারী।
জাতীয় সংকট মোকাবেলায় মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও কারফিউ জারি থাকা সত্ত্বেও দেশটিতে বিক্ষোভ দমন করতে হিমশিম খাচ্ছে প্রশাসন।
আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল নেপাল, ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে ছাত্র-জনতা
