ডেস্ক রিপোর্ট: অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হতে পারে সেন্টমার্টিন দ্বীপ। দেশের একমাত্র প্রবাল দ্বীপটি সারা বছরের নয় মাস বন্ধ থাকলেও ভ্রমণ মৌসুমে তিন মাসের জন্য উন্মুক্ত করা হবে। সেপ্টেম্বরের শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করেছিল সরকার। এর ফলে দ্বীপের প্রধান আয়ের উৎস বন্ধ হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপগামী সব পর্যটকবাহী জাহাজ চলাচল চালু থাকলেও ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। ফলে হোটেল-মোটেল, রিসোর্ট, নৌযান মালিকসহ হাজারো মানুষ চরম অর্থনৈতিক সংকটে পড়ে।

তখন সেন্টমার্টিন মারমেইড রিসোর্টের মালিক তৈয়ব উল্লাহ বলেছিলেন, “সেন্টমার্টিনের মানুষ মাত্র দুই মাসের আয় দিয়ে বছরের বাকি ১০ মাস টিকতে পারবে না। আমরা সরকারের কাছে অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছিলাম।”দ্বীপের হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদি একে “দ্বীপের জন্য নজিরবিহীন সংকট” বলে মন্তব্য করেছিলেন। একই সঙ্গে পর্যটন ব্যবসায়ীরা সরকারের কাছে অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছিলেন।তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নতুন বিধিনিষেধ অনুযায়ী, গত বছর নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত পর্যটন চালু থাকলেও ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হয়।

দীর্ঘ বিরতির পর এবার আগামী অক্টোবর থেকে আবারও সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশের অনুমতি মিলবে। সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্তই দ্বীপে পর্যটন মৌসুম থাকে। ফলে এ সময়কে ঘিরে ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।এই বছর অক্টোবর থেকে সেন্টমার্টিন খুলে গেলে, দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে স্থানীয় অর্থনীতিতে আবারও প্রাণ ফিরবে বলে প্রত্যাশা করছেন দ্বীপবাসী।
