
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫০ জন। দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ায় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করেছেন। বিকেল চারটা থেকে যৌথবাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে।
রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চবির ২নং গেইট বাজার এলাকা থেকে রেলগেইট পর্যন্ত শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে সংঘর্ষ চরম আকার ধারণ করে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুপুর ২টা থেকে আগামীকাল (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত, অস্ত্র বহন ও ৫ জনের বেশি মানুষের একত্রিত হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে, শনিবার রাতভর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিষয়টি নিয়ে আজ দুপুরে পাশ্ববর্তী জোবরা গ্রামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমাঝোতা করতে গেলে আবারো হামলা চালায় স্থানীয়রা। এতে বিশ্ববিদ্যালয়ের দু’জন প্রো-ভিসি ও প্রক্টরসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।
