গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ডেস্ক রিপোর্ট: গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে কারখানার গোডাউনটিতে আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় প্রাথমিকভাবে কাজ শুরু করা দুটি ইউনিটের সঙ্গে পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সেখানে মজুত থাকা দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় আরও ইউনিট যুক্ত করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে মোট ৯টি ইউনিট কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট বা আশপাশের অন্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
