সাজেকসহ খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় অর্ধদিবস অবরোধের কারণে শনিবার সকালে পর্যটকশূন্য ছিল খাগড়াছড়ি গেইট এলাকা।
ডেস্ক রিপোর্ট: সাজেকসহ খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের প্রভাবে পর্যটকশূন্য হয়ে পড়েছে খাগড়াছড়ি গেইট এলাকা। সাধারণত সকালে পর্যটকদের আনাগোনায় মুখর থাকা এই এলাকায় শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে ছিল নীরবতা। পর্যটক না আসায় খোলেনি স্থানীয় দোকানপাটও।
সাজেকের দুটি সংগঠনের ডাকা সড়ক অবরোধের প্রতি সমর্থন এবং অবরোধকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার প্রতিবাদে ছাত্র জনতা সংগ্রাম পরিষদ এ অবরোধের ডাক দেয়। শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধ পালনের কর্মসূচি ঘোষণা করা হয়।
অবরোধের কারণে সকাল থেকেই খাগড়াছড়িতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের অভ্যন্তরে ব্যাটারিচালিত থ্রি-হুইলার চলাচল করতে দেখা গেছে। ভোরে খাগড়াছড়িতে পৌঁছানো রাতের বাসগুলো বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে শহরে প্রবেশ করেছে।
অবরোধের সমর্থনে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষোভের চেষ্টা করেন পিকেটাররা। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ ঘটনা ছাড়া শনিবার সকাল পর্যন্ত অন্য কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
অবরোধের কারণে পর্যটকদের উপস্থিতি কমে যাওয়ায় খাগড়াছড়ি গেইট এলাকার স্বাভাবিক সকালবেলার চিত্র বদলে গেছে। পর্যটননির্ভর ব্যবসা ও যাতায়াত পরিস্থিতিতেও এর প্রভাব পড়েছে।
