
২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দুই পারমাণবিক শক্তিধর দেশকে সংঘাত থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ওপর সর্বোচ্চ ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি। তবে এ ভূমিকার জন্য নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প।
শুক্রবার স্থানীয় সময় ফ্লোরিডায় এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত সমাবেশে তিনি আটটি যুদ্ধ মীমাংসা করার দাবিও পুনর্ব্যক্ত করেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ভারত ও পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে না দেওয়ার হুমকি দেওয়ার পর দুই পক্ষ গুলি চালানো বন্ধ করে এবং সংঘাতের অবসান ঘটে।এই কূটনৈতিক ভূমিকার দাবি তুলে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার প্রসঙ্গও টানেন তিনি।
ট্রাম্প বলেন, তিনি নোবেল পুরস্কার পাননি।গত বছর পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হলে তা থামানোর কৃতিত্ব ট্রাম্প একাধিকবার নিজের বলে দাবি করেছেন। তবে ভারত সরকার বরাবরই সংঘাত নিরসনে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতার কথা অস্বীকার করে এসেছে।ভারতের বক্তব্য অনুযায়ী, ‘অপারেশন সিন্দুর’ চলাকালে পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) তাঁর ভারতীয় সমকক্ষের সঙ্গে যোগাযোগ করে সামরিক পদক্ষেপ বন্ধের অনুরোধ জানান। এরপর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় বলে ভারতের দাবি।
২০২৫ সালের ৭ মে ভারত ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। এ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বাহিনী। ভারতের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের অনুরোধের পর ১০ মে অভিযান স্থগিত করা হয়।ভারত-পাকিস্তান সংঘাত থামানোর বিষয়ে ট্রাম্পের দাবি এবং নয়াদিল্লির বক্তব্যে পার্থক্য থাকায় যুদ্ধবিরতিতে কার কী ভূমিকা ছিল, তা নিয়ে দুই পক্ষের অবস্থান আলাদা রয়েছে।
