ডেস্ক রিপোর্ট: নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবারও সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের সময় আটক হওয়ার ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার সঙ্গে কী আচরণ করা হয়েছে, সেটি বড় বিষয় নয়; বরং দেশের শিক্ষা ব্যবস্থা ও ধারাবাহিক প্রশ্নফাঁসের ঘটনাই মূল ইস্যু।
রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগই আন্দোলনের প্রধান কারণ। তিনি অভিযোগ করেন, একের পর এক প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের চরম মূল্য দিতে হচ্ছে এবং সরকারের উচিত এ বিষয়ে জবাবদিহি করা।
এদিকে নিট প্রশ্নফাঁস এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় বুধবারও ভারতের সংসদে তুমুল হট্টগোল হয়। বিরোধী দলের প্রতিবাদের মুখে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম ২৩ জুলাই সকাল পর্যন্ত মুলতবি করা হয়।
বিরোধী দলগুলো সংসদে এ বিষয়ে জরুরি আলোচনা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানায়। প্রতিবাদ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যরা কালো পোশাক পরে সংসদে যোগ দেন।
উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন কংগ্রেস নেতাকে দিল্লি পুলিশ আটক করেছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি
