
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত প্রযুক্তিনির্ভর উৎপাদন খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে এসব খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।
সোমবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান ও জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (জেবিসিসিইসি) চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।তারেক রহমান বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নীতিগত সংস্কার, বিনিয়োগ অনুমোদনের প্রক্রিয়া সহজ করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে কাজ করছে।
কাকিনোকি আশা প্রকাশ করেন, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়িত হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও জাপানি বিনিয়োগ বাড়বে।বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) আধুনিকায়ন এবং বাংলাদেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের উন্নয়নেও মারুবেনি করপোরেশন ও জেবিসিসিইসির সমর্থন কামনা করেন তিনি।
এর আগে ১১ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছিল। সেখানে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে ১৬ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
