ডেস্ক রিপোর্ট: চলমান বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ভারতের রাজধানী দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। বুধবার নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখম্বা রোড, সুপ্রিম কোর্ট, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ, শিবাজি স্টেডিয়ামসহ মোট ১৬টি স্টেশন।
প্রশাসন জানিয়েছে, রাজধানীতে চলমান বিক্ষোভ এবং বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটে নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা ও সংবেদনশীল স্থানে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
ডিএমআরসি জানিয়েছে, বন্ধ স্টেশনগুলোতে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ থাকবে না। তবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং ট্রেনগুলো বন্ধ স্টেশনগুলোতে না থেমে চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে স্টেশনগুলো পুনরায় চালু করা হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
