ডেস্ক রিপোর্ট: র্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪–২৫ শিক্ষাবর্ষ) আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বহিষ্কারাদেশ কার্যকরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২০ জুলাই রাত ১০টা থেকে ২১ জুলাই রাত ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে অবস্থিত মনপুরা এলাকায় র্যাগিং করেন।
অভিযোগ অনুযায়ী, এ সময় নবীন শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল, কান ধরে ওঠবস করানো এবং শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ–২০১৮-এর পরিপন্থী হওয়ায় সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, নবীন শিক্ষার্থীদের অভিযোগের সঙ্গে প্রাথমিক প্রমাণ ও আলামত পাওয়া গেছে। সে কারণে উপাচার্যের ক্ষমতাবলে অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযোগ ও আলামত বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র্যাগিং সেলে পাঠানো হবে। তদন্ত শেষে অভিযুক্তদের অপরাধের মাত্রা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
