ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করা হয়েছে। একই সঙ্গে নতুন নকশা অনুযায়ী ই-পাসপোর্টের জলছাপ পুনর্বিন্যাস ও সংশোধনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৯ জুলাই) জারি করা সরকারি আদেশে বলা হয়েছে, এখন থেকে নতুন করে ইস্যু হওয়া ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ থাকবে। সরকারের ভাষ্য, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন জলছাপে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শিরোনামে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি সংযোজন করা হয়েছে। এছাড়া ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টধর্মসহ বিভিন্ন ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে।
নতুন নকশায় জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজার সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানাম নগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’ স্থান পেয়েছে।
অন্যদিকে আগের নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মুজিবনগর স্মৃতিসৌধসহ কয়েকটি স্থাপনার ছবি বাদ দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, ধাপে ধাপে নতুন সংস্করণের ই-পাসপোর্ট ইস্যু করা হবে। বর্তমান পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন জলছাপসংবলিত পাসপোর্ট পাবেন।
