ডেস্ক রিপোর্ট: শ্রমখাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে শামা ওবায়েদ বলেন, সরকার শ্রম সুশাসন জোরদার, অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে আইএলওর অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক অংশীদারিত্ব কামনা করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, শ্রমখাতে বাংলাদেশের অগ্রগতি আইএলও গভর্নিং বডির আসন্ন অধিবেশনে যথাযথ স্বীকৃতি পাবে এবং আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলার দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে।
আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো বাংলাদেশের শ্রমখাত সংস্কার, শোভন কর্মপরিবেশ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের সাফল্য অন্যান্য দেশের জন্যও উদাহরণ হতে পারে। উভয় পক্ষ বাংলাদেশ ও আইএলওর মধ্যকার অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
