ডেস্ক রিপোর্ট: মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবেদা বেগম (৬০) ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে জোবেদা বেগমকে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, দম্পতি নিঃসন্তান হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
