ডেস্ক রিপোর্ট: ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে গ্যালারিতে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিকে কেন্দ্র করে স্টেডিয়াম ও আশপাশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। আকাশপথে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের পাশাপাশি দায়িত্ব পালন করবে এফবিআই, সিক্রেট সার্ভিস, স্নাইপার ও বিভিন্ন ফেডারেল নিরাপত্তা সংস্থার সদস্যরা।
হোয়াইট হাউস জানিয়েছে, কড়া নিরাপত্তা তল্লাশির কারণে দর্শকদের ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে উপস্থিত হতে হবে। ফাইনাল ম্যাচকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণির ‘লেভেল-১’ বিশেষ ইভেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, এই নিরাপত্তা ব্যবস্থা প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান কিংবা কংগ্রেসে বার্ষিক ভাষণের নিরাপত্তা প্রোটোকলের সমতুল্য।
টুর্নামেন্ট শুরুর আগেই ট্রাম্পের ফাইনালে উপস্থিত থাকার আভাস দেওয়া হয়েছিল। তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিতে পারেন বলে জানা গেছে।
এদিকে, ফাইনালকে কেন্দ্র করে জারি করা আকাশসীমার নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় একটি ছোট বেসামরিক বিমানকে এফ-১৬ যুদ্ধবিমান নিরাপদে সরিয়ে দেয়। একই সঙ্গে স্টেডিয়ামের আশপাশে উড়তে থাকা শত শত অবৈধ ড্রোনও জব্দ করেছে এফবিআই।
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই শিরোপা নির্ধারণী ম্যাচটি নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে দুই বছর ধরে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো।
