ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে চলমান আন্দোলনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। নতুন ছয় দফা দাবি নিয়ে তাদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— পুনঃপরীক্ষায় অংশগ্রহণের সুযোগ, আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরকে চূড়ান্ত হিসেবে গণ্য করা, প্রশ্নপত্রের ভুলের জন্য পূর্ণ নম্বর প্রদান, মানসিক প্রস্তুতির জন্য সময় দিয়ে পুনঃপরীক্ষার আয়োজন, প্রশ্নপত্রের ধরনে আকস্মিক পরিবর্তন বিবেচনায় নম্বর মূল্যায়ন এবং পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করা।
এর আগে বিকেলে সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা। শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও সর্বশেষ আলোচনার জন্য উপস্থাপিত দাবিপত্রে পদত্যাগের বিষয়টি আর রাখা হয়নি।
