ডেস্ক রিপোর্ট: সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান খেলার মাঠে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।প্রতিমন্ত্রী বলেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু ও মাদকের মতো দুটি বড় সংকট মোকাবিলা করা সম্ভব নয়। বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সমাজকল্যাণসহ বিভিন্ন খাতে উন্নয়নে কাজ করছে।
তিনি বলেন, নাগরিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার কাজ চলছে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে।হাবিবুর রশিদ হাবিব বলেন, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সমাজকর্মীরা একসঙ্গে কাজ করলে ঢাকা-৯ আসনকে আরও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, ভালো কাজের সঙ্গে থাকতে হবে এবং সমাজের সব ধরনের অনিয়ম সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। মাদক সমাজকে ধ্বংস করছে। এটি প্রতিরোধ করা না গেলে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা কঠিন হবে।রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ চাঁদাবাজি বা মাদকের সঙ্গে জড়িত থাকলে এসব কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। অন্যথায় তাদের আইনের মুখোমুখি হতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে আগামী ৩০ দিন পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমেই ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।এ সময় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
