ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, দুর্যোগের শুরু থেকেই প্রধানমন্ত্রী চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন। কোথায় কী প্রয়োজন, তা তিনি জানেন এবং বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
শনিবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদার পুকুরপাড় এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী ফটিকছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি হালদা নদীর ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে আসছেন। তিনি মানুষের প্রয়োজন সম্পর্কে খোঁজ নিতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ীই তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব ও পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।
