ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সংস্কৃতি, সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ খাতে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি ও নথি বিনিময় হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠকে এসব চুক্তি ও দ্বিপাক্ষিক নথি বিনিময় করা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন। দুই নেতার উপস্থিতিতে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান নিজ নিজ দেশের পক্ষে চুক্তি ও নথিপত্র বিনিময় করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংস্কৃতি, সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এসব চুক্তির মূল উদ্দেশ্য।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করবে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের পারস্পরিক সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।
