ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সরকারি স্কুলগুলোতে বিতরণের জন্য ১,০০০টি ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা ড. এ. এন. এম. এহসানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান।
রোববার (২১ জুন) অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, যুব উন্নয়ন এবং ক্রীড়া খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় হাইকমিশনার ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর অগ্রগতি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।
বৈঠকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ডিজিটাল লার্নিং, শারীরিক শিক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি প্রক্রিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
পরে হাইকমিশনার পাকিস্তানের শিয়ালকোটভিত্তিক প্রতিষ্ঠান ফরওয়ার্ড স্পোর্টসের তৈরি একটি ফুটবল শিক্ষামন্ত্রীকে উপহার হিসেবে প্রদান করেন। এর আগে একই ধরনের ১,০০০টি ফুটবল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়, যা দেশের সরকারি বিদ্যালয়গুলোতে বিতরণ করা হবে।
ইমরান হায়দার বলেন, শিয়ালকোট বিশ্বব্যাপী ফুটবল উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এ শহরে উৎপাদিত ফুটবল বিভিন্ন বিশ্বকাপে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ‘ব্রাজুকা’, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ‘টেলস্টার’, ২০২২ কাতার বিশ্বকাপের ‘আল রিহলা’ এবং ২০২৬ বিশ্বকাপের ‘ট্রিওন্ডা’।
শিক্ষামন্ত্রী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে শিক্ষা, ক্রীড়া ও যুব উন্নয়ন খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
