ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর সরকারি মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা.মিছবাহ উদ্দিন সম্ভাব্য স্থান ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
আজ বুধবার (১০ জুন) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার অভিরখিল এলাকায় প্রস্তাবিত মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের অবকাঠামো ও সেবার মান পরিদর্শন করেন।
এ সময় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনা, প্রয়োজনীয় জমি, হাসপাতালের সক্ষমতা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মোহম্মদ আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাথউ মারমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষ্মীপুরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে প্রায় ২০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। পরিদর্শনের সময় কর্মকর্তারা এলাকার ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ-সুবিধা মূল্যায়ন করেন।
দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা দ্রুত মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে, আগামী শিক্ষাবর্ষ থেকেই ভর্তি কার্যক্রম শুরু করার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হলে লক্ষ্মীপুরসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষার সুযোগ পাবেন। পাশাপাশি এ অঞ্চলের সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পরিদর্শন প্রতিবেদন ও প্রয়োজনীয় সুপারিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল কলেজ স্থাপনের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
