ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পতাকা টাঙানো নিয়ে বিরোধ থেকে ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে লাঠি দিয়ে পিটিয়ে আর্জেন্টিনার এক সমর্থকের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে।
গতকাল ৮ জুন (সোমবার) বিকেলে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আর্জেন্টিনার সমর্থকের নাম আজাদ হোসেন (২০)। তিনি ওই এলাকারই বাসিন্দা। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ব্রাজিল সমর্থকের নাম রিফাত হোসেন। তিনিও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ফুটবল বিশ্বকাপ ঘিরে গতকাল এলাকার কয়েকজন তরুণ আর্জেন্টিনা দলের পতাকা টাঙানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ব্রাজিলের কয়েকজন সমর্থক তাঁদের বাধা দেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে আজাদ ও রিফাতের মধ্যে মারামারি হয়। এ সময় রিফাত লাঠি দিয়ে আজাদের মাথায় আঘাত করেন। এতে আজাদের মাথা ফেটে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।
জানতে চাইলে আহত আজাদ হোসেন বলেন, তিনি ও তাঁর বন্ধুরা মিলে আর্জেন্টিনার পতাকা টাঙানোর সময় রিফাত হোসেন বাধা দেন। পরে আকস্মিকভাবে তাঁর ওপর হামলা চালানো হয়। হামলায় তাঁর মাথায় আঘাত লেগেছে।
তবে অভিযোগ অস্বীকার করেন রিফাত হোসেন। তিনি বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। পতাকা নিয়ে সামান্য বাগ্বিতণ্ডা হয়েছিল। এর বাইরে কিছু নয়।’
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ফুটবল বিশ্বকাপে দল সমর্থনকে কেন্দ্র করে মারামারিতে এক তরুণ আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
