ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে আরেকটি রেকর্ড গড়লেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ে তিনি নাম লিখিয়েছেন কিংবদন্তি ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের পাশে।
চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেন হেলস। ৩টি চার ও ৭টি ছক্কায় ৪৩ বলে ৭৪ রান করে তিনি পৌঁছে যান ১৪ হাজার রানের ক্লাবে।
এর মাত্র একদিন আগে একই দলের আরেক তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ডও বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৯ বলে ১৯ রানের ইনিংস খেলে এই মাইলফলক ছুঁয়েছিলেন। ফলে ২৪ ঘণ্টার ব্যবধানে টি-টোয়েন্টি ইতিহাসে দুই ক্রিকেটার যোগ দিলেন ১৪ হাজার রানের ক্লাবে।
সবার আগে এই তালিকায় নাম তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২টি শতক ও ৮৮টি অর্ধশতকে গেইলের সংগ্রহ ১৪,৫৬২ রান, যা এখনও শীর্ষে।
হেলস এখন ৫০৯ ম্যাচে ৫০৫ ইনিংস খেলে ৭টি সেঞ্চুরি ও ৮৯টি হাফ-সেঞ্চুরিতে করেছেন ১৪,০২৪ রান। অন্যদিকে, পোলার্ডের সংগ্রহ ৭১৩ ম্যাচে ৬৩৪ ইনিংসে ১টি শতক ও ৬৪টি অর্ধশতকে ১৪,০১২ রান।
তবে অনন্য কৃতিত্বের মালিক হয়েছেন পোলার্ড। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১৪ হাজার রান এবং ৩০০ উইকেট দুই মাইলফলকই ছুঁয়েছেন এই অলরাউন্ডার। বর্তমানে তার ঝুলিতে রয়েছে ৩৩২ উইকেট।
