ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, হালনাগাদ খসড়া তালিকা প্রকাশের পর উপজেলা ও থানা পর্যায়ে নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং মৃত বা অযোগ্য ভোটার কর্তন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময়ে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ নতুন ভোটার যুক্ত হয়েছেন, অন্যদিকে বাদ পড়েছেন ১ হাজার ৩৮ জন ভোটার।
ইসি সচিব জানান, চলতি বছরের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পরবর্তীতে নতুন অন্তর্ভুক্তি ও কর্তনের ফলে মোট ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখের বেশি।
তিনি আরও জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরও তালিকাভুক্ত করা হবে। তখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।
