ডেস্ক রিপোর্ট:ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এসব পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে অন্য কোনো কাজে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারছে না সংস্থাটি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অসহযোগিতার কারণে দেশটির পরমাণু উপাদানের মজুত, অবস্থান ও ব্যবহার যাচাই করতে পারছে না আইএইএ। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক গোপন প্রতিবেদনে সংস্থাটি জানায়, ইরানের ঘোষিত পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে অন্য কোনো কাজে ব্যবহার করা হয়নি—এমন নিশ্চয়তা দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য তাদের হাতে নেই।
ইরানের ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি স্থাপনা নিয়েও উদ্বেগ রয়েছে আইএইএর। গত বছর স্থাপনাটির অস্তিত্ব সম্পর্কে সংস্থাটিকে জানিয়েছিল তেহরান। তবে এখন পর্যন্ত সেখানে পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। ফলে স্থাপনাটির বর্তমান অবস্থা এবং সেখানে পরমাণু উপাদান মজুত রয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একাধিক কেন্দ্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এসব স্থাপনায় আইএইএর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি ইরান। পরবর্তী সময়ে শুরু হওয়া যুদ্ধেও দেশটির পরমাণু স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়।
আইএইএর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা সাধারণত প্রায় ৯০ শতাংশ। তবে হামলার পর থেকে ওই ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পায়নি সংস্থাটি।
আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের পরমাণু উপাদানের মজুত ও অবস্থান যাচাইয়ের কাজ আর বিলম্ব না করে শুরু করা জরুরি। এ জন্য সংস্থাটির পরিদর্শকদের পুনরায় ইরানে প্রবেশের সুযোগ দিতে প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার হুমকির কারণে এ মুহূর্তে পরিদর্শন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে তেহরান। তবে পরিস্থিতি অনুকূলে এলে পরমাণু নিরাপত্তাসংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
এদিকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়ার বিনিময়ে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কারের মার্কিন ঘোষণারও প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ বিষয়ে আইএইএ জানিয়েছে, তাদের কাছে সংরক্ষিত গোপন তথ্যের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।
সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল
