ডেস্ক রিপোর্ট:বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে করণীয় ও জাতীয়করণ প্রক্রিয়া নির্ধারণে রোববার (১৫ নভেম্বর) উচ্চপর্যায়ের সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সচিবালয়ে দুপুর দেড়টায় ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়েরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সভাটির আলোচ্যসূচিতে সরাসরি ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ’ বিষয়টি রাখা হয়েছে। মূলত কোন প্রক্রিয়ায় এসব বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় আনা যায়, তা নিয়ে আলোচনা হবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, কতটি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসতে পারে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং এ ক্ষেত্রে কী কী শর্ত থাকবে—এসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি। রোববারের সভায় এসব বিষয়ে আলোচনা হতে পারে।
তবে ওই সভা থেকেই জাতীয়করণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি পরবর্তী সময়ে আরও যাচাই-বাছাই করা হবে, তা এখনো নিশ্চিত নয়।
সূত্র: আজকের পত্রিকা
