ডেস্ক রিপোর্ট:জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের সহনশীলতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে বাংলাদেশ ৩ কোটি মার্কিন ডলার পাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এ অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এ অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যয় করা হবে।
তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও তাপপ্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি এবং অবকাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে নিজস্ব সক্ষমতায় ৬.৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা পেলে অতিরিক্ত ১৩.৯২ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জলবায়ু অর্থায়নের বিষয়ে তিনি উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, প্রযুক্তি হস্তান্তর এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে অনুদানভিত্তিক অর্থায়নের আহ্বান জানান।
কপ৩১ সম্মেলনের চলমান আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে অগ্রগতি হলেও এখনো কিছু বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ ও চীনের সঙ্গে সমন্বয় করে ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত অর্জনে কাজ করছে।
