কপ৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো হুমকির মুখে পড়ছে। তাই জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অভিন্ন স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।
সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক নীতিসংলাপে তিনি এসব কথা বলেন। ‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস: ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক এ সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
শেখ ফরিদুল ইসলাম বলেন, উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের জীবন ও জীবিকা ক্রমেই হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে নিরাপদ পানি ও খাদ্যনিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় গুরুত্ব পাওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ দেশগুলো সম্মিলিতভাবে নিজেদের দাবি তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা সহজ হবে।
চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এ সংলাপে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদীর সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর পানির ন্যায্য অধিকার নিয়ে আলোচনা হয়। এতে সহযোগিতা করে সুইজারল্যান্ড দূতাবাস ও ওয়াটারএইড বাংলাদেশ।
সংলাপে বক্তারা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ রাজনৈতিক সীমানা মানে না। তাই আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্র এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অধিকারকে গুরুত্ব দিতে হবে। এ জন্য বৈজ্ঞানিক তথ্য, প্রাকৃতিক অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে কার্যকর নীতি প্রণয়নের ওপর জোর দেন তাঁরা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ২০২৬ শেষ হওয়ার কথা। এ কারণে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কার্যকর সহযোগিতা ও সমন্বিত নীতিগত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণায় বলা হয়, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ পানি সরবরাহ খাতে জলবায়ু অর্থায়নে প্রতি এক ডলার অনুদানের বিপরীতে ৭ দশমিক ৭৮ ডলার ঋণ পেয়েছে। এ পরিস্থিতিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়।
সংলাপে বাংলাদেশের সংসদ সদস্য মনসুরা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের জীবনে নিরাপদ পানির সংকট, কৃষিকাজে পানির অভাব এবং বন্যার ক্ষয়ক্ষতির মাধ্যমে দেখা যায়। মানুষের পানির অধিকার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের ড. মুস্তাফা বার্ক দুয়গু, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা, আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ড. মনোহরা খাড়কা এবং আন্তর্জাতিক পরিবেশ ও উন্নয়নবিষয়ক ইনস্টিটিউটের সেজাল প্যাটেল আলোচনায় অংশ নেন।
বক্তারা পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু অর্থায়নে ন্যায্যতা এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সংলাপে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
